ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টাইগার সোহেল জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের আশ্রয়ে যুবলীগ নেতা সোহেলের নানাভাবে উত্থান হয়। এমপির প্রভাবে জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন তিনি।
তারা আরও জানান, এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত সোহেল মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি একসময় নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, টাইগার সোহেল একজন যুবলীগ নেতা ও চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে চালান করা হবে।
আরটিভি/এমএইচজে




