
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তাররা স্থানীয় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে সেখানে লুটপাট চালানো হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এসএস


