
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা সাহাদাৎ গুরুতর আহত হন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


