কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বিজিবি জানায়, টানা ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে দুর্যোগকালীন সময়ে পরিবারগুলো ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবি সদস্যরা।
বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করে না, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে




