জুয়া খেলায় বাধা দেওয়ায় প্রবাসীর বাড়িতে আগুন দিল জুয়াড়িরা

মুন্সিগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৮:৫৯ পিএম


জুয়া খেলায় বাধা দেওয়ায় প্রবাসীর বাড়িতে আগুন দিল জুয়াড়িরা
ছবি: আরটিভি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ভুক্তভোগী শাবানা বেগম বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের প্রবাসী কাজী ইয়ানুরের স্ত্রী শাবানা বেগম (৩৯) প্রায় এক বছর আগে স্থানীয় রতন মণ্ডলের কাছ থেকে বসতবাড়িসহ জমি ক্রয় করেন। শর্ত ছিল, রতন মণ্ডলের মেয়ের এইচএসসি পরীক্ষা শেষ হলে তারা বাড়িটি ছেড়ে ভারতে চলে যাবেন। ওই সময় পর্যন্ত শাবানা বেগমের অনুমতিতে রতন মণ্ডলের পরিবার বাড়িটিতে বসবাস করে আসছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকার কিছু বহিরাগত ব্যক্তি ওই বাড়িতে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাতো। এতে বাধা দিলে তারা রতন মণ্ডলকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করত।

ঘটনার দিন রাতেও জুয়া ও মাদকের আসর বসাতে বাধা দেওয়া হলে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রাত দেড়টার দিকে বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘরের লোকজনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও রান্নাঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী শাবানা বেগম বলেন, জুয়াড়িরা পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দিয়েছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভবিষ্যতে তারা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

আরও পড়ুন

এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জীব কুমার ঘোষ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission