
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত রাজীব মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর থেকে স্বপন নামের এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মো. হাবিবুর রহমান দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করে আসছেন। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে রাজীব, স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে হাবিবুর রহমানের কাটাখালীর বাসায় আসেন। এরপর বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজী অফিসে এবং পরে জোরপূর্বক মুক্তারপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে লাইসেন্স বাতিলসহ তাকে হত্যার হুমকিও দেন অভিযুক্তরা। প্রাণ রক্ষায় তিনি টাকা দিতে রাজি হন এবং অগ্রণী ব্যাংক মুন্সিগঞ্জ শাখা থেকে নিজের হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। পরে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের হাতে ওই টাকা তুলে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় রাজীব, স্বপন ও কাটাখালী এলাকার সোহেলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর ছেলে সাংবাদিক নাহিদ হাসান জানান, ঘটনাটি ধামাচাপা দিতে এবং মামলা না করতে তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল। তবে বাবার অপহরণ ও চাঁদাবাজির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়েছে
আরটিভি/ এসকেডি




