
নির্ঘুম রাত কাটিয়ে পূর্ণিমা তিথিতে সূর্য ওঠার সাথে সাথে কুয়াকাটার সৈকতে পুণ্যস্নান শেষ করেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুণ্যার্থীরা স্নানের আগ মুহূর্তে সৈকতে পুণ্যের আশায় কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে উচ্চস্বরে গীতা ও চন্ডি পাঠ করেছেন। আবার কেউ হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল, সিঁদুর সাগরের জলে অর্পণ করেছে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীদের উলুর ধ্বনিতে মুখরতি হয়ে ওঠে পুরো সৈকত। আবার কেউ কেউ মাথার চুল ন্যাড়া করা, প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন। এর আগে রাতভর কুয়াকাট শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠে সনাতনীরা।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সমুদ্র স্নানের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে। রাস পূজায় অংশ নিতে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নজরদারি।
কুয়াকাটায় পুণ্যস্নানে আসা পরিমল চন্দ্র দাস বলেন, নানা রকম সমস্যার মধ্যেই এ বছরটা পার করেছি। সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সে মনোবাসনা নিয়ে কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবেই ধর্মীয় আচার পালন করতে পারায় নিজের কাছে ভালো লাগছে।
গবিন্দ চন্দ্র বড়াল নামে একজন সাগরের পানিতে নেমে মনে মনে কী যেন জপতে লাগলেন। খানিক পর দুহাতে সাগর থেকে পানি নিয়ে স্ত্রী-পুত্রের মাথায়-গায়ে ঢেলে দিলেন। এভাবে ভক্তকুলের নানান রকমের নিয়ম-রীতি পালন করতে দেখা গেল। কেউ নিজের জন্য, আবার কেউ স্বর্গবাসী মা-বাবার জন্য মানত করে সৈকতের বালুচরে বসে মাথা ন্যাড়া করেন। ভক্ত দাস নামে এক পুণ্যার্থী বলেন, বাবা মারা গেছেন কয়েক মাস হলো- তার নামে মানত করেছিলাম। পূর্ণিমার তিথিতে রাসপূজার সময় মাথা ন্যাড়া করে তিনি মানত রক্ষা করেছেন বলে তিনি জানিয়েছেন।
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারো আমরা রাস পূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান কৃষ্ণের নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা অংশগ্রহণ করেন। তবে পুণ্যার্থীরা পূর্ণিমা তিথিতে সুন্দরভাবেই স্নান সম্পন্ন করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করেছে প্রশাসন। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে এবারের রাস উৎসব।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন প্রত্যেকটা পুণ্যার্থী ও দর্শনার্থী উদযাপন করেছে।
আরটিভি/এমএইচজে


