
নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুত এই পদক্ষেপ নেওয়ায় স্বস্তি ফিরেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
শনিবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিদ্যালয়ের প্রবেশমুখের দীর্ঘদিনের বেহাল অংশটিতে বালি ফেলে ইটের সলিংয়ের কাজ শুরু করা হয়।
এর আগে দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে শিক্ষার্থী, শিক্ষক এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগের এই চিত্র তুলে ধরে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হলে নজরে আসে কর্তৃপক্ষের।
খবর প্রকাশের পরপরই দ্রুত সড়কটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তারিকুজ্জামান লিটু জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির জন্য শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছিল। সমস্যাটি তুলে ধরে সংবাদ প্রকাশ করায় তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে আরটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সাথে স্থানীয় বাসিন্দারা দ্রুত কাজটি সম্পন্ন করে সড়কটি স্থায়ীভাবে চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরটিভি/এসআর


