
বান্দরবনের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় বম সম্প্রদায়ের ওই অন্তঃসত্ত্বা নারী প্রসবজনিত জটিলতায় পড়েন। পরে স্থানীয় কারবারির অনুরোধে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর একটি টহল দল ওই নারীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। পথে মুনলাই পাড়ার কাছে পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।
পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে তারা দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম এলাকায় মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
আরটিভি/এসকে


