
ঢাকার ধামরাইয়ে একটি অটো রাইস মিল ও তিনটি মিষ্টির দোকান মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের নেতৃত্বে উপজেলার কালামপুর এবং ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে কুমরাইল এলাকার 'সাহেব আলী অটো রাইস মিল' মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ইউএনও মো. আল মামুন জানান, পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিবেশ ঠিক রাখার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এমএইচজে



