
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ব্যবসায়ীরা পণ্য গ্রহণ না করায় এদিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এছাড়া রোববার ভারতে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ওইদিনও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ীরা আগেই জানিয়েছিলেন। এ কারণে ব্যবসায়িক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে শুক্রবার অতিরিক্ত পণ্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, রোববার ভারতে সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর হিসেবে পরিচিত। তবে সম্প্রতি ভারত কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বন্দরটির ব্যবসায়িক কার্যক্রমে এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
দুইদিনের ছুটি শেষে সোমবার থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
আরটিভি/এসএস




