
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) দীর্ঘ ৩০ বছর পর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। এরপর প্রায় ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ফারুক মোল্লাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/এমএইচজে


