
ফেনীতে ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, চকলেট, বিস্কুট, কসমেটিক, বিভিন্ন প্রকার সুগন্ধী তেল ও ঔষধ।
সোমবার (১৭ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা সুরক্ষা এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কাস্টম্স এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/এমএইচজে




