
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে তার বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, রাতে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী অজ্ঞাত ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তারা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। পরে পেট্রল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও সামনে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মুখোশ পরা কয়েকজন লোক বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে থাকা একটি পিকআপভ্যান ও ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে বাড়ির পাহারাদার চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোনাগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে পথে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে আর ঘটনাস্থলে যাননি।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ১২ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করে এআরবি। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ২০২৪ সালে ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
গত ১১ নভেম্বর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ৩ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ৫২১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ নিজের ও স্ত্রীর নামে ভোগদখলে রাখার অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬৭ বছর বয়সী রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।
আরটিভি/এমএম




