
লক্ষ্মীপুরের কমলনগরে পল্লী বিদ্যুতের খুঁটির পাশে জমা পানিতে মো. নাইম (১৫) নামে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ি এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে কর্মস্থল থেকে নাইম বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা।
নিহত নাইম চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ির মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী ছিল।
স্থানীয়রা জানান, কর্মস্থল খাবার হোটেল থেকে রাতে বাড়ির উদ্দেশে বের হয় নাইম। কিন্তু সে বাড়িতে ফেরেনি। সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। ওই তারের নিচে পানিতে থাকা ব্যাঙও মারা গেছে বলে জানান তারা।
কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনা ঘটলে বৈদ্যুতিক ট্রান্সফরমারে সমস্যা হয় এবং বিদ্যুৎ চলে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ধারণা করা হচ্ছে, কোথাও গাছের ডাল তারের ওপর পড়ে সমস্যাটি হয়েছে। বিষয়টি জানার জন্য প্রকৌশলীদের পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর




