
সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের কদমতলা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস মোড়ল ওই গ্রামের মো. নজরুল ইসলাম মোড়লের ছেলে।
নিহতের ভাবি শিউলি আক্তার জানান, শনিবার সকালে বৃষ্টির মধ্যেই আব্দুল কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুরের দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো একটি বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএম




