
রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে রাইস মিলের মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস নামে (৩৫) এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পাংশা থানা পুলিশ বুধবার (১৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জজ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে মোটর চুরি করতে যান জজ আলী। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ বুধবার ভোরে গিয়ে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২ মাস আগে জজ আলীর চাচা জামিন বিশ্বাসকে ওই এলাকার লোকজন জমিজমা নিয়ে সংঘর্ষে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছিলেন।
আরটিভি/এমএইচজে


