
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে সিদরাতুল মুনতাহা আয়াত নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ঈদগাহ এলাকায় স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
উদ্ধার হওয়া শিশুটি চরচান্দিয়ার মুজাফফর আহমদের বাড়ির শেখ সাহেব সজিব ও জান্নাতুল ফেরদৌস মনি দম্পতির একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দাদির কাছে নাশতা খাওয়ার পর হঠাৎ নিখোঁজ হয় আয়াত। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গতকালই সোনাগাজী থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির স্বজনেরা। পরে শুক্রবার ভোরে আগের দিন খোঁজা সেই পুকুরেই শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।
নিহত শিশুর স্বজন হেলাল উদ্দিন বলেন, সে ছিল পরিবারের একমাত্র সন্তান। তার জন্য তার বাবা বর্তমানে ওমরাহ পালন করছেন। ঠিক এমন একটি সময়ে আমাদের এই দুঃসংবাদটি শুনতে হলো।
এদিকে আগের দিন খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন একই পুকুরে মরদেহ ভেসে ওঠার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও গুঞ্জন তৈরি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/টিআর



