
ফরিদপুরের ভাঙ্গায় দাদির সঙ্গে বিয়ের দাওয়াতে যেতে না পেরে অভিমান করে তাশফিয়া আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
নিহত তাশফিয়া আক্তার ওই গ্রামের আছান বেপারীর মেয়ে। সে সদরপুর উপজেলার বাইশরশি শিবসুন্দরী অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাশফিয়ার দাদি সুফিয়া বেগম এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য রওনা হন। এ সময় তাশফিয়াও দাদির সঙ্গে দাওয়াতে যাওয়ার জন্য বায়না ধরে। তবে দাদি তাকে বাড়িতে রেখে একাই দাওয়াতে চলে যান। এতে অভিমান করে তাশফিয়া বিকেলে ঘরের দরজা বন্ধ করে দেয়।
পরে ঘরের দরজা বন্ধ দেখে তার চাচি হোসনেয়ারা বেগম দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাশফিয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/এসএস


