
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা। এতে একদিকে যেমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। পাশাপাশি দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকটের শঙ্কা।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কৃষকের কাটা ধান, পাকা ও আধাপাকা ধানের জমি। একই সঙ্গে পানির নিচে রয়েছে পেঁয়াজের বীজতলা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
হাজরা মেনা গ্রামের কৃষক আমত আলী জানান, তার পেঁয়াজের বীজতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। পেঁয়াজ আবাদ নিয়ে এখন চরম হতাশায় রয়েছেন তিনি।
দেবনগর গ্রামের কৃষক কদর মিয়া বলেন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান এবং পেঁয়াজের বীজতলা সবই পানিতে ডুবে গেছে। এখন কী করবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।
ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানান, তার পেঁয়াজের বীজতলা ও জমির ধান সবই পানিতে ডুবে গেছে। নতুন করে পেঁয়াজের বীজ জমিতে দিতে হবে। কিন্তু সেই বীজ কেনার টাকা কোথায় পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্ট হলে গো-খাদ্যের সংকট আরও তীব্র হবে। অন্যদিকে পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে পেঁয়াজের আবাদও ব্যাহত হতে পারে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে তালিকা তৈরির জন্য ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে


