
সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ব্যবসার নামে অর্থ আত্মসাৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ছবি বানিয়ে চাঁদা দাবির অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার (২৪ আগস্ট) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল ওই উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনি এলাকার বাসিন্দা।
র্যাব-৫ জানায়, অভিযুক্ত জুয়েল ফেসবুকে ‘গ্র্যান্ড পিয়ানো’ বিক্রির ভুয়া বিজ্ঞাপন দিতেন। ঢাকার এক ক্রেতার সঙ্গে ৮০ হাজার টাকায় পিয়ানো বিক্রির চুক্তি করে কৌশলে তার বিকাশ ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে পিয়ানো না পাঠিয়ে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি তৈরি করেন জুয়েল। সেই ছবি ভুক্তভোগীকে পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী রাজধানীর ভাটারা থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে র্যাব-৫ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।

তদন্তে জানা গেছে, এই চক্রের শিকার হয়েছেন আরও অনেকেই। মাদারীপুরের সুস্ময় চক্রবর্তী নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, ২৭ কার্টন সাউন্ড বক্স কেনার জন্য জুয়েলকে ৩ লাখ ৭০ হাজার টাকা দিলেও তিনি কোনো পণ্য পাননি। এ বিষয়ে মাদারীপুর থানায় জিডি এবং বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি বলে জানান।
এছাড়া চট্টগ্রামের রুহি ইসলাম নামে অপর এক বিক্রেতার কাছ থেকে মসলা জাতীয় পণ্য নিয়ে টাকা না দিয়ে পণ্য আত্মসাতের অভিযোগ রয়েছে জুয়েলের বিরুদ্ধে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট ভাটারা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এসএস


