
নাটোরে পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) ও মিন্টু আকন্দ (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মৈশালবাড়ী গ্রামের এবং মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বড়গাছা এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা দেহের ভেতরে মাদক লুকানোর কথা স্বীকার করেন। পরে তাদের পায়ুপথ থেকে বিশেষ কায়দায় কনডমে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবুর জানান, রনি নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে তিনি বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথে বহন করছিলেন। চালানটি মিন্টুর কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এসেছিলেন।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আইনি ব্যবস্থার জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




