ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদরপুরে রাতের আঁধারে দাপিয়ে বেড়ায় রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাক, ঝুঁকিতে সড়ক-জনজীবন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
ছবি: আরটিভি

রাত গভীর হলেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে যায় বালু ও মাটিবাহী ড্রাম্পট্রাকের চলাচল। এসব ট্রাকের অধিকাংশেরই নেই বৈধ রেজিস্ট্রেশন। অতিরিক্ত ভার ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ট্রাক থেকে ছড়িয়ে পড়া ধুলাবালিতে দুর্ভোগ পোহাচ্ছেন সড়কের আশপাশের বাসিন্দারাও।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে গড়ে ওঠা কয়েকটি বালুর বেড থেকে এসব ট্রাকে বালু পরিবহন করা হয়। রাতের সময় ট্রাকের সংখ্যা ও চলাচল দুটোই বাড়ে। চন্দ্রপাড়া থেকে আকোটেরচর ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যবহার করে বালু ও মাটি নিয়ে যাতায়াত করে এসব ভারী যানবাহন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সড়কে ভারী ডাম্পট্রাক চলাচল করায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। রাতের বেলায় দ্রুতগতিতে ট্রাক চলাচলের কারণে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এর পাশাপাশি বালু পরিবহনের সময় ট্রাক থেকে উড়তে থাকা ধুলা ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ঘরবাড়ি, গাছপালা ও সড়কের ওপর জমছে ধুলার স্তর। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন সজল বলেন, ‘এভাবে আর কতদিন এলাকার মানুষ ভোগান্তি সহ্য করবে? প্রতিদিন ভারী ট্রাক চলাচলে সড়ক নষ্ট হচ্ছে। বাড়িঘর ধুলায় ভরে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এসব দেখার যেন কেউ নেই। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

আকোটেরচর ইউনিয়নের কাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা রায়হান বলেন, ‘আকোটেরচরের পদ্মা নদীর পাড়েও কয়েকটি বালুর বেড রয়েছে। সেখান থেকেও ড্রাম্পট্রাকে বালু পরিবহন করা হয়। এসব ট্রাকের অনেকগুলোরই রেজিস্ট্রেশন নেই বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান চালিয়ে অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের চালক বলেন, ‘গাড়ির কাগজপত্র আছে কিনা, তা মালিক জানেন। আমরা শুধু গাড়ি চালাই। এই সড়কে গাড়ি চালাতে কখনো কেউ বাধা দেয়নি।’

চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বোরহান উদ্দিন মোল্যা বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযান চালানো হচ্ছে। এসব ট্রাক আটক করে মামলা দেওয়া হচ্ছে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ডাম্পট্রাকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের যানবাহন আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিবেশীর বাড়ি যেতে ভিসা লাগে যে গ্রামে
সাতক্ষীরার ভোমরা সীমান্তের দুই পাশে পাশাপাশি বাড়ি, একই পুকুর, একই মাঠ আর শৈশবের বন্ধুত্ব। মাঝখানে শুধু একটি সীমান্ত পিলার। তবু এক দেশের মানুষ অন্য দেশে থাকা আত্মীয়দের কাছে যেতে এখন পাসপোর্ট-ভিসার অপেক্ষায় থাকেন। কোথাও সীমান্ত মানুষের সম্পর্ক ভাগ করতে পারেনি, আবার কোথাও বিচ্ছিন্নতার বেদনা হয়ে উঠেছে নিত্যদিনের বাস্তবতা। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে সীমান্তের দুই পাশে পাঁচ ভাইয়ের পাঁচটি বাড়ি। ভাইদের মধ্যে চারজন ভারতের নাগরিক, আর ছোট ভাই শওকত গাজী বাংলাদেশের বাসিন্দা। বাড়িগুলোর মাঝখানে কাঁটাতারের বেড়া নেই, আছে সীমান্ত পিলার। দুই দেশের নাগরিক হয়েও পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. পলাশ হোসেন জানান, হাড়দ্দাহ সীমান্তসংলগ্ন এলাকায় বাংলাদেশের ১৫টি এবং ভারতের পানিতর গ্রামে প্রায় ২২টি পরিবার বসবাস করে। দুই গ্রামের মানুষের মধ্যে বাড়িতে যাতায়াত, খাওয়াদাওয়া ও দাওয়াতের সম্পর্ক রয়েছে। তবে যাতায়াতের ক্ষেত্রে বিজিবিকে জানাতে হয়। সীমান্তের কাছাকাছি শরিফুল ইসলামের চা ও মুদি দোকানে ভারতীয় নাগরিকেরাও কেনাকাটা করেন। দুই দেশের শিশুরা একসঙ্গে খেলাধুলা করে। সীমান্ত তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে ভোমরা ইউনিয়নের অন্য অংশে চিত্র ভিন্ন। সেখানে ধানক্ষেতের আইলই দুই দেশের সীমানা। সীমান্তের দুই পাশে বসবাস করলেও অনেকে একে অপরের সঙ্গে কথা বলেন না। বিজিবি ও বিএসএফের টহলের কারণে চলাচলও সীমিত। ১৯৪৭ সালের দেশভাগে দুই দেশে ছড়িয়ে পড়া অনেক পরিবারের আত্মীয়স্বজন এখনো সীমান্তের ওপারে রয়েছেন। ভোমরা গ্রামের হোসেন গাজীর নানা বাংলাদেশে এলেও নানার ভাই ও দুই বোন থেকে যান ভারতের মুর্শিদাবাদে। মুঠোফোনে যোগাযোগ থাকলেও দেখা করতে ভিসার প্রয়োজন হয়। পদ্মশাখড়া গ্রামের ৬৫ বছর বয়সী শহিদুল ইসলাম জানান, তার শ্বশুরবাড়ি ভারতের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। তিন মাস আগে শাশুড়ি মারা গেলেও ভিসা না পাওয়ায় শেষবার দেখতে যেতে পারেননি। ভিডিও কলে দেখেছেন স্বজনদের। ২০১৪ সালে সর্বশেষ আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছিল তার। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষের আত্মীয়স্বজন ভারতে বসবাস করেন বলে জানান তিনি। দাসপাড়া গ্রামের কৌশিক দাসের বাড়ির কাছেই সীমান্ত। ওপারে তার মাসির বাড়ি। ছোটবেলায় যাতায়াত করলেও এখন আর যেতে পারেন না। অথচ তার ১৫ জোড়া কবুতর নিয়মিত সীমান্ত পেরিয়ে ওপারে যায়, আবার ফিরে আসে। সীমান্ত দুই দেশকে আলাদা করেছে, কিন্তু কোথাও আত্মীয়তা, বন্ধুত্ব ও স্মৃতিকে আলাদা করতে পারেনি। আবার কোথাও সেই সম্পর্কের কাছে পৌঁছানোর পথ আটকে আছে ভিসা-পাসপোর্টের নিয়মে। আরটিভি/এমএইচজে
প্রতিবেশীর বাড়ি যেতে ভিসা লাগে যে গ্রামে
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আ. ছালাম (২৮) ও মো. শাওন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সাবেক এমপি বদির ২ ভাই ও ছেলেসহ আটক ৪
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
উত্তরের জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। গতকালের চেয়ে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। 
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশায় দুর্ভোগ
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর বয়ে চলা ঠান্ডা বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না ঠান্ডা।  বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই চলাচল করতে হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।  এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশি ঠান্ডা লাগছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে। হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়। আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আরটিভি/এসআর
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
আরও পড়ুন
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
পুকুরে ‘গিলে খেয়েছে’ খেলার মাঠ, পরিত্যক্ত ভবনে জোড়াতালি দিয়ে পাঠদান চলে এই স্কুলে 
ডিসেম্বর ঘিরে গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: এমপি বাবুল