ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চলে মাদক কারবারিদের দৌরাত্ম্য যেন থামছেই না। একের পর এক অভিযোগ উঠলেও থামানো যাচ্ছে না সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান। উল্টো মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের যাতায়াত রুখতে পুরো সীমান্ত এলাকাকে ‘নিষিদ্ধ এলাকা’ হিসেবে গড়ে তোলার মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্তে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে প্রকাশ্যে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ভারত সীমান্তবর্তী গোমড়া, সন্ধ্যাকুড়া, হলদীগ্রাম ও রাংটিয়া এলাকা দিয়ে দিন-রাত বিপুল পরিমাণ মাদকের চালান আসছে। মাদকের বিস্তার ও পাচার নিয়ে সংবাদ প্রকাশ করায় অতীতে একাধিক গণমাধ্যমকর্মী শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। ২০২৫ সালের ১৫ আগস্ট রাতে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে এক সাংবাদিকের ওপর মব হামলা চালানো হয়। সে সময় তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হলেও ঘটনার এক বছর পার হলেও ফোনটি উদ্ধার হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, ভারত সীমান্তবর্তী এসব গ্রাম ব্যবহার করে কাভার্ড ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত মাদকের চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকটি পরিবহন জব্দ হলেও বন্ধ হয়নি এই অপরাধ। বরং মামলার পরোয়ানা মাথায় নিয়েও অনেক মাদক কারবারি প্রকাশ্যে ঘোরাফেরা করছে।

অভিযোগ রয়েছে, অপরাধে যুক্ত কিছু প্রভাবশালী গোষ্ঠী গ্রেপ্তার হলেও দ্রুত আইনি ফাঁকগলে জামিনে বেরিয়ে পুনরায় পুরনো কারবারে সক্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুন

সম্প্রতি ঝিনাইগাতী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের ভয়াবহতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ কমিটির সদস্যরা। বৈঠকে সীমান্ত পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান জানান, সীমান্তবর্তী এই জনপদে মাদক পাচার স্থায়ীভাবে বন্ধ করতে হলে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিত ও কঠোর করা ছাড়া উপায় নেই।

অভিযোগ প্রসঙ্গে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, তিনি সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর সীমান্ত এলাকায় অভিযান জোরদার করেছেন। ইতিমধ্যে অভিযান চালিয়ে তিন লাখ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধারসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

তবে মামলা, পরোয়ানা ও নিয়মিত অভিযানের মধ্যেও কী করে পাহাড়ি সীমান্তে মাদকের বিস্তার অব্যাহত রয়েছে—তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যদি হামলা ও প্রাণনাশের হুমকির মুখোমুখি হন, তবে সীমান্তবর্তী ওই জনপদের নিরাপত্তা নিশ্চিতের মূল দায়িত্বে কারা রয়েছে—তা নিয়েও জনমনে তৈরি হয়েছে তীব্র সংশয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলে বিরুদ্ধে
ফরিদপুরের বোয়ালমারীতে ৬০ বছর বয়সী মাকে পিটিয়ে এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ইব্রাহিম মোল্যার বিরুদ্ধে। শুধু মারধরই নয়, মাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুলেখা বেগমের অভিযোগ, ছেলে ইব্রাহিম মোল্যা প্রথম স্ত্রী বৃষ্টি ও তাদের দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এ নিয়ে প্রতিবাদ করায় তার ওপর চড়াও হন ছেলে। একপর্যায়ে তাকে মারধর করে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয়। পরে ঘরে তালা ঝুলিয়ে দেন ইব্রাহিম। বাধা দিতে গেলে মারধরে তার একটি হাত ভেঙে যায় বলে দাবি করেন বৃদ্ধা। তিনি বলেন, পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোই তার অপরাধ। ছেলের নির্যাতনের শিকার হয়েও তিনি চান, পুত্রবধূ ও নাতি-নাতনিরা তাদের পৈতৃক ভিটায় থাকতে পারেন। জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বৃষ্টির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। বৃষ্টি জানান, সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন এবং তাকে তালাক দিয়েছেন বলে দাবি করছেন। তবে তালাকসংক্রান্ত কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তার অভিযোগ, নতুন স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন স্বামী। জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা বৃষ্টি এখন সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ইব্রাহিমের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন তার বোন শেফালী পারভীনও। তিনি বলেন, তার মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকবেন, এটাই তার চাওয়া। তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহিমের দাবি, বৃষ্টির চরিত্র ভালো নয়। তাকে তালাক দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, মা ও সন্তানেরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও পাল্টা অভিযোগ করেন ইব্রাহিম। ঘটনার বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ইব্রাহিম তার বৃদ্ধ মাকে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এবং ঘর থেকে বের করে তালা মেরে রেখেছেন বলে তিনি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তার সন্তান ও বৃদ্ধা জুলেখা বেগমকে ঘরে তুলে দিয়েছেন। নিজের শেষ বয়সে এসে সন্তানের হাতেই নির্যাতনের শিকার জুলেখা বেগম এখন নিজের স্বামীর ভিটায় নিরাপদে বসবাস করতে চান। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।  আরটিভি/টিআর
মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছেলে বিরুদ্ধে
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। এরপর নবজাতকের মৃত্যু হয়েছে।
অন্তঃসত্ত্বাকে বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা, নবজাতকের মৃত্যু
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এমএ    
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
আরও পড়ুন
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
অটোরিকশার সিটের নিচে মিলল ইয়াবার চালান