
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিটের নিচ থেকে প্রায় চার হাজার ইয়াবার একটি চালান জব্দ করেছে র্যাব। সেই সঙ্গে মো. সেলিম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) র্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক মো. সেলিম (৩৮) চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে নগরীর আন্দারকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে চেকপোস্ট বসায় র্যাবের একটি দল।
এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর


