
নওগাঁর নিয়ামতপুরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শালবাড়ি গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করছিলেন পলাশ। কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে




