
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর সূর্য প্রামানিক (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সূর্য ঈশ্বরদী পৌরসভার অরনকোলা এলাকার বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ঈশ্বরদী-পাবনা সড়কের হাড়ুখালি থেকে শুরু হয়ে অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ফেসবুক আইডি (Galibur Rahman sherif) থেকে মিছিলের একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওটির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে হাবিবুর রহমানের নেতৃত্বে 'জননেত্রী' শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সামনে রেখে মিছিল হয়। মিছিলে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল, পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক আফজাল হোসেন বলেন, সূর্য প্রামাণিক ওই মিছিলে ছিলেন। আমরা তার মোবাইল জব্দ করেছি। ওই মিছিলের ভিডিও তিনি তার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন।
আরটিভি/এমএইচজে




