
নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় আমির আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির আলী পার্শ্ববর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুটিপাড়া গ্রামের মৃত শাহ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আমির আলী সাইকেলযোগে সৈয়দপুর শহর থেকে নিজ বাড়ি বেলাইচণ্ডীর দিকে যাচ্ছিলেন। পথে কদমতলী পৌঁছালে পার্বতীপুরের দিক থেকে আসা একটি ট্রাক আমির আলীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করলেও চালক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/টিআর




