
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত দুইটার পর যেকোনো সময় গরুগুলো চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগস্ত কৃষকের ছেলে মো. জাহিদ হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে গরুগুলো রাখা ছিল। গত রাতে দুর্বৃত্তরা প্রথমে গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আটটি গরু নিয়ে তারা পালিয়ে যায়।
সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি টের পান হায়দার আলী। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও তিনি গরুগুলোর কোনো সন্ধান পাননি।
ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী জানান, গরুগুলো তার পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এলাকায় গরু চুরির ঘটনা ঠেকাতে পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তাড়াশ তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত মাসে উপজেলার তিন কৃষকের মোট ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে।
আরটিভি/আইএম


