
চাঁদপুরের কচুয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর বাস্তবায়নে এ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা মৎস্য সমন্বয়ক প্রতিনিধি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টুসহ উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাকৃতিক জলাভূমির জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে


