
চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর (দেওয়ান বাড়ী) এলাকার মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাতে মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে মতলব উত্তরের এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় আসামি নিজাম উদ্দিনের বসতঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০০ টাকা মূল্যমানের ১৬টি জাল নোট (মোট ১৬ হাজার টাকা) উদ্ধার করে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




