
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শাহাবাজপুর কলেজের সামনে অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। এ সময় পাথরবোঝাই একটি মালিকবিহীন ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের মধ্যে লুকানো ৭০৮টি ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, ট্রাক, ট্রাকের যন্ত্রাংশ ও শাড়িসহ ওই চালানের মোট জব্দমূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালায় খড়কপুর বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার ও একটি ইজিবাইক জব্দ করা হয়। এ চালানের মোট জব্দমূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবির দাবি, টহল দলের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যান।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আরটিভি/এমএইচজে


