
ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো সোনার পেস্ট এবং প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার। ভিন্ন দুই কৌশলে সোনা লুকিয়ে মাসকাট থেকে চট্টগ্রামে আসার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব সোনা আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, মাসকাট থেকে আসা সালামএয়ারের ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ বিমানবন্দরে অবতরণের পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ পদার্থ পাওয়া যায়।
পরে সোনা কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনারপিণ্ড পাওয়া যায়।
এরপর যাত্রীর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দার তথ্যমতে, সব মিলিয়ে ওই যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। আটক সোনার শুল্ক-করাদিসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে।
আরটিভি/এসকে


