ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আটকের এক ঘণ্টা পর আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, যুবলীগ পরিচয়ে আটক করা হলেও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতা গিয়ে তাকে দলের কর্মী দাবি করলে তাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ধামরাই পৌর কমিটির অন্তত দুইজন নেতা জানান, আবু বক্কর সিদ্দিক ওরফে আবু ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট, তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের সময় পর্যন্ত তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

যদিও আটকের পর আবু বক্করকে নিজেদের কর্মী দাবি করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি। আবু বক্কর ও সাব্বির হোসেন দুজনই ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকর্মী ছিলেন।

আবু বক্করকে আটকের সময় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, যুবলীগ সম্পৃক্ততায় আবু বক্করকে আটক করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। পরে তাকে ধামরাই থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘণ্টা তাকে থানায় আটকে রাখা হয়। এদিকে খবর পেয়ে ধামরাই থানায় আসেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি। তিনি আবু বক্করকে বিজেপির কর্মী দাবি করেন ও একটি কমিটির তালিকা দেখান।

ওই কমিটির তালিকার একটি প্যাডের ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে। ওই কমিটিতে ২১ সদস্যবিশিষ্ট তালিকা দেখা যায়। এতে ৬ নম্বর ক্রমিকে মো. আবু নাম দেখা যায় যুগ্ম আহ্বায়ক পদে। প্যাডের ওপরে কোনায় তারিখ দেওয়া হয়েছে ৪ আগস্ট ২০২৩। আর নিচে স্বাক্ষর রয়েছে ঢাকা জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। তবে স্বাক্ষরের সঙ্গে কোনো তারিখ দেওয়া নেই।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও আবু বকর সিদ্দিক নিজে সেই পদের বিষয়ে জানতে চাইলে প্রথমে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জানান। এরপর এই প্রতিবেদকের কাছে জানতে চান কোন পদে রয়েছেন।

আটকের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আবু বক্কর সিদ্দিক বলেন, ওসি ডাকছিল। পরে কিছুক্ষণ পরই চলে আসছি। আটক করে নাই।

পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কখনো ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, ‘না না, বিজেপি আমি। প্রায় ৫-৭ বছর ধরে বিজেপি করি।’

গেল নির্বাচনের সময় নৌকার প্রচারের সঙ্গে তাকে সম্পৃক্ত করে একটি ছবি দেখা গেছে, এমন প্রশ্ন করলে তিনি বলেন, আগে তো কত জায়গায় কত ছবি উঠাইছি।

বর্তমানে বিজেপির স্থানীয় কমিটিতে তার দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক জানান, তিনি সহসভাপতি পদে আছেন। ওই কমিটি ২০২৩ সালে অনুমোদিত হয়েছিল বলেও তিনি জানান।

তবে কমিটিতে কোনো সহসভাপতি কোনো পোস্ট নেই জানালে পরবর্তীতে তিনি এই প্রতিবেদকের কাছে জানতে চান, সহ সেক্রেটারি, তাই না?

বিজেপির কমিটি কতদিন হলো, জানতে চাইলে তিনি বলেন, ২৩ সালে বোধহয় কমিটি হয়েছে।

বর্তমান কমিটিতে তিনি কোন দায়িত্ব আছেন চাইলে তিনি বলেন, ‘আছে, একটা প্রক্রিয়া চলছে।’

আবু বক্কর সিদ্দিককে আটক করা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ‘আবু নামে কাউকে আমি আটক করিনি। আবু বক্কর সিদ্দিক নামে একজনকে একটি তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি চলে গেছেন। তাকে এখানে আটক করা হয়নি।’

আবু বক্কর সিদ্দিককে যুবলীগের পরিচয়ে আটক করা হয়েছিল এবং পরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, এমন তথ্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, জানতে চাইলে এনামুল হক বলেন, ‘উনি যুবলীগ করেন কিনা, এ ধরনের বিষয় নিয়ে পরে কথা বলবো।’ এরপর তিনি বিস্তারিত না বলে পরে কথা বলবেন বলে জানান। তিনি বলেন, ‘আপনি আমার স্যারের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।’

আবু বকর সিদ্দিককে আটকের বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ধামরাই উপজেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন জনি বলেন, ‘উনি যে কমিটি আছে ২০২৩ সাল থেকে তিনি সেই কমিটির তালিকা দেখাতে পারেননি। আর নতুন কিছু কর্মকর্তা বিষয়টি জানতেন না। পরে যাচাই করে দেখা যায়, তার কমিটির বিষয়টি ঠিক আছে।’

আবু বক্কর সিদ্দিক আগে যুবলীগ করতেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুবলীগ করত, হয়ত। আমার সঙ্গে যোগ দিয়েছে ২০২৩ সালে।’

যদিও আবু বকর সিদ্দিক ৫-৭ বছর ধরে বিজেপি করছেন বলে দাবি করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির হোসেন জনি বলেন, ‘২০২৩ সালে কমিটি হয়েছে। কমিটি পেয়েছি ২৩ সালের মাঝামাঝি।’

আবু বক্কর সিদ্দিক বিজেপিতে যুক্ত হওয়ার পরও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেন কিনা, ২০২৪ সালের নির্বাচনি প্রচারে নৌকার পক্ষে প্রচার চালানোর একটি ছবি প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির হোসেন জনি বলেন, ‘বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন।’

পরে তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বিস্তারিত বলতে চান না। তবে বিভিন্ন কর্মসূচিতে আবু বক্কর সিদ্দিকের উপস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আবু বক্কর সিদ্দিককে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে এবং তিনি বিভিন্ন জায়গায় সভা করেছেন। পার্থ ভাইর সঙ্গেও ছবি আছে। এখনও অ্যাকটিভ আছে। পার্থ ভাই ভালোমতো চিনে।’

সাব্বির হোসেন জনি আরও বলেন, ‘একজন কোথায় কী করল, সবই তো আমি জানি না। স্থানীয় নির্বাচনগুলো এককভাবে করতে পারে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘একটা ভুল তথ্য ছিল। পরে যাচাই-বাছাই করে দেখা গেছে, যে জন্য আনা হয়েছে, তথ্য মেলে না। পরে ছেড়ে দেওয়া হয়েছে। এসআই এনামুল বলছে, এমন একটা তথ্য ছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপির নেতাদের ভাষ্যমতে, তিনি ৩-৪ বছর ধরে তাদের সঙ্গে জড়িত। কমিটি ২৩ সালে হয়েছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। জানা গেছে, রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। তাদের সম্পর্ক ১৭ দিনের। ফেসবুকের মাধ্যমে তারা সম্পর্কে জড়ায়। চারদিন ধরে তাজমিন নিখোঁজ থাকলেও কবে কক্সবাজার গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রথমদিন পাশের জেলা ব্রাক্ষণবাড়িয়া যায়। সেখানে থেকে কুমিল্লা ফিরে কক্সবাজার যায়। যাওয়ার সময় বান্ধবীর বাসায় যাচ্ছে বলে মাকে জানায়। কক্সবাজার থেকে বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা প্রবেশমুখ পদুয়ারবাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে আইকনিক এক্সপ্রেস বাস থেকে তাজমিন নেমেছে সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গেছে। কক্সবাজার কক্সেস পেনারেমিক ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সির আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাজমিন বন্ধু রাজুসহ বাসের টিকিট কাটতে তাদের কাউন্টারে আসে। তখন তারা তাদেরকে একজন মেয়ে ও ছেলে হিসেবেই মনে রাখে, মাত্র কাস্টমার ভাবে। পরদিন বুধবারের জন্য টিকিট কাটে ছেলেটি। একটি টিকিট।  বুধবার দুপুর ১২টার দিকে আইকনিক এক্সপ্রেসের বাসটি কুমিল্লার উদ্দেশে কক্সবাজার ছাড়ে। রাতে হোটেল নূরজাহানে এসে পৌঁছে। বাসটি ঢাকা পর্যন্ত চলাচল করে। এদিকে, হত্যার ঘটনা আলোচনায় আসার পর আবদুল্লাহ ঘটনায় মনোযোগী হয় ও মেয়েটি তাজমিন বলে শনাক্ত করে, পুলিশ জানতে চাইতে পারে বলেই সে আগে থেকে প্রস্তুতি নেয়। পরে জানতে পারে সঙ্গে আসা ছেলে বন্ধুটি হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ড ঘটিয়েছে একজনই, বহনকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫)। তাই ছেলেটির আর কোনো খোঁজ-খবর নেয়নি। এদিকে ঘটনার পর তাজমিনের মা কেয়া খাতুন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন জানিয়েছিল, সে এক বান্ধবীর সঙ্গে আছে। মা বান্ধবীর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসতে চেয়েছিল। কেয়া খাতুন মেয়ের কাছে বান্ধবীর নাম ও তার মা-বাবার পরিচয় জানতে চাইলেও সে কিছু জানায়নি। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বাস থেকে পদুয়ারবাজার হোটেল নূরজাহানে নেমে শহরের রেইসকোর্স বাসায় যেতে সিএনজি অটোরিকশা ভাড়া করে তাজমিন। গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক সুমন ঘটনাস্থলে নিয়ে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। পরদিন বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আরটিভি/এসআর
রাজুর ডাকে সাড়া দিয়ে কক্সবাজার গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
রাজবাড়ীতে চাঞ্চল্যকর চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা, কালো টি-শার্ট ও নিহতের স্যান্ডেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জনের বাড়িতে আগুন দিল জনতা
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শহরকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
আরও পড়ুন
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
থানায় তদবির করতে গিয়েছিলেন যুবলীগ নেতা, অতঃপর...