
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কচুয়া থানার এএসআই শহিদুল ইসলাম মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী-বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের একটি দল ওই এলাকার দিদার হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। অভিযান শেষে পাশের গেট দিয়ে বের হওয়ার সময় কয়েকজনকে ধাওয়া করলে পুলিশের এএসআই শহিদুল ইসলামের ওপর টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করা হয়। একপর্যায়ে হামলার মুখে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে এএসআই শহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হামলার শিকার এএসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে একদল ব্যক্তি হঠাৎ তার মাথায় টর্চলাইট দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে একটি মোবাইল ফোন পড়ে যায়। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ওই মোবাইল ফোন উদ্ধার বা এ বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়রা জানান, আইনগিরী ও বাতাবাড়িয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ করে গণস্বাক্ষর নেওয়া হয়েছিল। ওই সময় স্থানীয়দের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের নামের একটি তালিকা কচুয়া থানায় দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, তালিকায় থাকা কয়েকজনকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে মাদক এনে বেচাকেনার অভিযোগও রয়েছে।
স্থানীয়রা আরও জানান, পুলিশের ওপর হামলার মতো ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এ সময় তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় আসামিকে ধাওয়া করলে একজন পুলিশ সদস্যের মাথায় টর্চলাইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হন এবং হামলাকারী পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম




