
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন, যাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের শহরটিতে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েকটি বিদ্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহর প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবার কর্মীরা আক্রান্ত হন।
এদিকে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও রুশ হামলায় দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের হামলায় রুশ নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে এক শিশুসহ ছয়জন নিহত হওয়ার খবর জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
এমন উত্তেজনার মধ্যেই শুক্রবার (২০ নভেম্বর) ন্যাটোর সদস্য পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ও সন্দেহভাজন একটি চালকবিহীন আকাশযান প্রবেশ করে। ঘটনাটিকে উসকানি হিসেবে উল্লেখ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ন্যাটোপ্রধান মার্ক রুটে পোল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ চললেও সমঝোতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জেলেনস্কি মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আপস করতে প্রস্তুত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আরটিভি/জেএমএ


