ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই গ্রেপ্তার নারী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন এক নারী। তবে মামলাটি তদন্ত করে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর ওই মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই নারী। মামলাটি ৮৬৪/২০২৫ নম্বরে নথিভুক্ত হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০৩ সালের সংশোধনীসহ)-এর ৯(৪)(খ) ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, তার ১২ বছর বয়সি নাতনি মডেল মসজিদে আরবি পড়তে যেত। ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ধ্যার দিকে তাকে মক্তবের পাশের একটি স্টোররুমে নিয়ে যাওয়া হয়। সেখানে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন, খাদেম সাব্বির ও আহমাদুল্লাহ মিলে শিশুটিকে ধর্ষণ করেন।

মামলায় আরও বলা হয়, ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকদিন চিকিৎসাধীন ছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। এরপর আদালতে মামলা করেন বাদী। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন। তদন্তে বাদীর অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, বাদীর নাতি নিজ ইচ্ছায় মডেল মসজিদে গিয়েছিল এবং পরে তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী বলেন, ‘চুরির অপবাদে আমার দুই নাতিকে আটকে রাখা হয়েছিল। এজন্য আমি মামলা করেছি।’

অন্যদিকে মডেল মসজিদের ইমাম ও খতিব তানভীর হোসেন বলেন, মসজিদের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটছিল। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় ওই নারীর নাতিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়। পরে তার বয়স কম হওয়ায় পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এর কিছুদিন পরই তাদের তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা করা হয়।

তানভীর হোসেনের দাবি, পিবিআই তদন্তের পর মামলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি। এই মামলার কারণে তারা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন কেউ মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা মূলত একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করেছি। পরোয়ানাটি পর্যালোচনা করে জানতে পেরেছি, তিনি ওই মামলার বাদী এবং তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি থানায় আছেন। তাকে আদালতে পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।  (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ার জামানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, বুধবার সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিল শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি (মেজর আক্তারুজ্জামান) বর্তমানে ঢাকায় আছেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।   আরটিভি/টিআর
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলে
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের সময় আনুমানিক ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাংস জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরটিভি/টিআর
মোটরসাইকেলে হরিণের মাংসের চালান, পল্লী বিদ্যুতের কর্মীসহ গ্রেপ্তার ২
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
নেত্রকোনার দুর্গাপুরের পর্যটনকেন্দ্র চিনামাটির পাহাড়ে স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্থাপিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
পটুয়াখালীর বাউফলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রাহক ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুতের দুই কর্মী।
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন
আরও পড়ুন
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে বেধড়ক পিটুনি
‘বিশেষ ক্ষমতায়’ নারীদের বশ করেন কবিরাজ, এরপর শারীরিক সম্পর্ক!
বন্ধ হতে বসেছিল পড়ালেখা, পুরো উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেলেন সেই আরাফাত
কৃষকের ছদ্মবেশে দুই ‘মাটিখেকো’ ধরলেন ভূমি কর্মকর্তা