
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত 'নাছির কারখানা' নামে একটি ক্যামিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কারখানায় কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা ৭টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সার্ভিসের কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে কারখানায় আগুন লাগার পর থেকে গা ঢাকা দেন নাছির কারখানার কর্মকর্তারা। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরটিভি/এমএইচজে




