
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারায় দুই পর্যটক। পাঁচ থেকে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে তাদেরকে জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার পন্থীছিলা এলাকার ঝরঝরি ঝর্ণার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
দুই পর্যটক চট্টগ্রাম শহরের ফ্রীপোর্ট এলাকার বাসিন্দা শ্রাবণ দেব (১৯) ও মো. সিয়াম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ৩টার দিকে তারা চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ঝরঝরি ঝর্ণা দেখতে যান। ঝর্ণা দেখে ফেরার পথে পাহাড়ি এলাকায় পথ ভুলে তারা গহিন জঙ্গলে ঢুকে পড়েন। তারা এত ভেতরে প্রবেশ করেন, সেখানে মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হাঁটতে হাঁটতে এক সময় মোবাইল ফোনে নেটওয়ার্ক ফিরে এলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর শনিবার দিবাগত রাত ১টার দিকে দুই পর্যটককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ সময় অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আরটিভি/এসএস



