
বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ভুয়া পরিচয় ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নানা কৌশলে ওই প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই এর ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।
পিবিআই জানায়, কেরানীগঞ্জের ইতালি প্রবাসী শাহাদাত হোসেনের সঙ্গে ফেসবুকে ‘লেডি ফৌজদার’ নামে একটি আইডি ব্যবহার করে যোগাযোগ শুরু করেন তোফায়েল। সেনাবাহিনীর নারী সদস্য পরিচয় দিয়ে তিনি শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এমনকি বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য সেনাবাহিনীর পোশাক পরিহিত নারীর ছবিও ব্যবহার করা হয়।
পিবিআই আরও জানায়, তোফায়েল নিজের কণ্ঠ পরিবর্তন করে নারীকণ্ঠে শাহাদাতের সঙ্গে ফোনে কথা বলতেন। একপর্যায়ে মায়ের অসুস্থতার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে তার কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা হাতিয়ে নেন।
অভিযোগের তদন্তে নেমে তোফায়েলকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন তোফায়েল।
পিবিআই আরও জানায়, তোফায়েল দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে দেশে ও বিদেশে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/ এসকেডি


