
আধুনিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তবমুখী জীবনদক্ষতার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ঢাকার কেরানীগঞ্জে যাত্রা শুরু করেছে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, শায়েখ সাদিকুর রহমান আজহারী, শায়েখ মোহাম্মদ আলী, শায়েখ মুস্তাফিজ রাহমানী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মাওলানা লুৎফর রহমান, শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, মাওলানা শিবলী নোমান এবং ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের পরিচালক হাফেজ মনির উদ্দিন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ মুশফিকুর রহমান, ক্বারী খুবাইব, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, ওস্তাদ সিদ্দিকুর রহমান সুমন এবং ওস্তাদ তাসনিম আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকিত জ্ঞানীর পরিচালক সাইফুল ইসলাম, সংগীতশিল্পী মশিউর রহমান, সংগীতশিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং সাইমুম সাদী।
উদ্বোধনী আয়োজনের সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা জানান, একঝাঁক প্রসিদ্ধ ইসলামিক স্কলারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের সাধারণ শিক্ষার পাশাপাশি রয়েছে পৃথক হিফজ বিভাগ। শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শে গড়ে তোলার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে প্রস্তুত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও স্পোকেন অ্যারাবিক শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটারভিত্তিক ব্যবহারিক শিক্ষা, খেলাধুলা, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, রান্না ও জীবনদক্ষতা এবং শিষ্টাচার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পরিকল্পিত এসব কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ, সৃজনশীল চিন্তাশক্তি এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা বিকাশের পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র, সুন্দর আচরণ, আত্মনির্ভরশীলতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সামাজিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বাস্তবতাকে সামনে রেখে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি এমন একটি শিক্ষাপরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা একদিকে কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে বেড়ে উঠবে, অন্যদিকে আধুনিক জ্ঞান, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।
প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ ভর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এ সময় নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিতে বিশেষ ৪০ শতাংশ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আগ্রহী অভিভাবকদের সন্তানসহ একাডেমি পরিদর্শন, শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম সম্পর্কে বিস্তারিত জানার এবং ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠানের ঠিকানা: প্লট নং ১৭৬২, ব্লক-এ, বসুন্ধরা রিভারভিউ, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।
আরটিভি/এমএইচজে


