
গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় কমলা। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। বাগানে ঢুকতেই চোখে পড়ে এমন দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে, এটি বিদেশের কোনো ফলের বাগান। তবে এটি বিদেশ নয়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের এক কৃষকের গড়ে তোলা কমলার বাগান।
কৃষকের নাম ফিরোজ মাতুব্বর। উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামে ৩৩ শতাংশ জমিতে দার্জিলিং জাতের কমলা চাষ করে সফল হয়েছেন তিনি। সাত বছর আগে ইউটিউব দেখে কমলা চাষের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে রোপণ করেছিলেন ১২০টি কমলার চারা। এখন তার বাগানের প্রতিটি গাছে ঝুলছে ৩০ থেকে ৫০ কেজি পর্যন্ত কমলা।
গত বছর বাগানের কমলা বিক্রি করে চার লাখ টাকা পেয়েছিলেন ফিরোজ। এবার পাঁচ থেকে সাত লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি। পাশাপাশি চারা বিক্রি থেকেও তিন থেকে চার লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন।
ফিরোজ মাতুব্বর জানান, তার বাবা মতিলাল মাতুব্বর ছিলেন প্রান্তিক কৃষক। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি। ২০০৫ সালে পৈতৃক জমি ও হালের বলদ বিক্রি করে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে একটি সিমেন্ট কারখানায় কয়েক বছর কাজ করেন।
প্রবাসজীবনে অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন কৃষিবিষয়ক ভিডিও দেখতেন ফিরোজ। সেখান থেকেই দেশে ফিরে কমলার বাগান করার পরিকল্পনা করেন। সৌদি আরবে থাকতেই কুষ্টিয়ার জীবননগরের এক ব্যক্তির কাছে কমলা চাষের বিষয়ে প্রাথমিক ধারণা পান। পরে জীবননগরের ওমর ফারুক খানের নার্সারি থেকে ১০ হাজার টাকায় কমলার চারা সংগ্রহ করেন।
দেশে ফিরে বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের অনাবাদি ৩৩ শতাংশ জমিতে সাত বছর আগে ১২০টি কমলার চারা রোপণ করেন। শুরুতে বাগানের পরিচর্যায় সহযোগিতা করেন তার স্ত্রী নাসিমা বেগম। ধীরে ধীরে গাছ বড় হতে থাকে। গত পাঁচ বছর ধরে ভালো ফলন পাচ্ছেন তিনি।
ফিরোজ বলেন, কমলা চাষে তুলনামূলক খরচ কম। বাগানের ফল দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিতে অনেক কমলা গাছেই রেখে দিয়েছেন। কেউ কেউ বাগানে এসে কমলার স্বাদও নিচ্ছেন। এবার ফল বিক্রির পাশাপাশি চারা বিক্রি করেও ভালো আয়ের আশা করছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ফিরোজ যখন কমলা চাষ শুরু করেন, তখন অনেকেই তার উদ্যোগকে পাগলামি বলে মন্তব্য করেছিলেন। প্রত্যন্ত গ্রামে কমলার বাগান করে লাভবান হওয়া সম্ভব, তা অনেকের ধারণায় ছিল না। তবে গাছে গাছে কমলার ফলন দেখে এখন তারাই বিস্মিত। ফিরোজের সাফল্য দেখে এলাকার অনেক বেকার তরুণও ফল চাষে আগ্রহী হচ্ছেন।
মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানান, উপজেলায় প্রায় ৩ হাজার ৫৪০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফল চাষ হয়। এর মধ্যে মাল্টা, কমলা, বাতাবিলেবু ও বারোমাসি সিডলেস লেবু উল্লেখযোগ্য। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বেতমোরসহ বিভিন্ন এলাকায় এসব ফলের বাণিজ্যিক চাষ বাড়ছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ তৈরি হচ্ছে।
তিনি বলেন, মঠবাড়িয়ায় ফিরোজের কমলার বাগানটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। ছোট জায়গায় এত ভালো ফলন দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছেন। দূরদূরান্ত থেকে মানুষ বাগানটি দেখতে আসছেন। বেকার তরুণেরা চাইলে এ ধরনের ফলের বাগান গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।
আরটিভি/ এসকেডি




