
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনি (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়। এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হলো।
এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, জিদনির শরীরের ৮২ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় দগ্ধ লামিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাদের অবজারভেশনে রাখা হয়েছে। তবে তারাও যে শঙ্কামুক্ত তা বলা যাবে না।
২৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়।
আরটিভি/এমএ



