
পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। একই সঙ্গে নিজেদের সীমাবদ্ধতা মেনে দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি জটিল ও ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান এই সংসদ সদস্য।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ হলরুমে ৬০০ পল্লি চিকিৎসকের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, গ্রামীণ জনপদে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে পল্লি চিকিৎসকেরা বিশেষ ভূমিকা পালন করেন। তবে যে রোগের চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে, কেবল সেই রোগেরই চিকিৎসা দিতে হবে। জটিল বা ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হবে।
পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নামের আগে ‘ডাক্তার’ লেখা নিষিদ্ধ। আইন ও সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে পল্লি চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ না লেখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে আইনি কোনো পরিবর্তন এলে তখন বিষয়টি বিবেচনা করা যাবে বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোখলেসুর রহমান মকে।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল আলম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরটিভি/এমএইচজে




