
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংহলাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—সিংহলাল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও সানজাদুল ইসলাম (১ বছর ৬ মাস)।
ঘটনার বিষয়ে আব্দুল গফুর সরদার (৫২) নামে এক স্বজনের করা লিখিত অপমৃত্যু-সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, সকালে তার ভাতিজা ইকবাল হোসেনের স্ত্রী রেখা খাতুন (২৭) ফোনে কথা বলার একপর্যায়ে তার ভাই আব্দুল বারিক সরদারের বাড়িতে আসেন। এ সময় তিনি তার দুই সন্তান কোথায় আছে জানতে চাইলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করা হয়। চারদিকে খোঁজার একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান, দুই শিশু পুকুরের পানিতে ভাসছে।
চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে ওপরে তোলা হলে স্বজনরা দেখতে পান, তারা মারা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/টিআর




