ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে আবু বকর সিদ্দিক (২২) ও তার বাবা আয়নাল হককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে আলোচনায় আসেন আবু বকর সিদ্দিক। এ মন্তব্যের জেরে বুধবার (২১ অক্টোবর) রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে এবং তার বাবা আয়নাল হককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবু বকর রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কৃষক আয়নাল হকের ছেলে এবং রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ভ্যানে সবজি পরিবহনের কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার রাজশাহী সফরকালে বিমানবন্দর থেকে মাদরাসা ময়দান ও ধর্মসভায় যাতায়াতের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে বাসে বসা প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ করা হয়। ওই ছবির মন্তব্যে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আবু বকর লেখেন, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর তার পরিচয় শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হয়।

বুধবার(২১ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও চন্দ্রিমা থানা-পুলিশ অভিযান শুরু করে। পরে বিকেল ৪টার দিকে এসআরবি-৫-এর একটি দল আবু বকরের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাকে না পেয়ে তার বাবা আয়নাল হককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে পবা উপজেলার হাটরামচন্দ্রপুর ঘোলহারিয়া গ্রামে মামার বাড়ি থেকে আবু বকরকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক বাবা-ছেলেকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডিবি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

আবু বকরের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কলেজের শিক্ষকেরা তাকে সাধারণ শিক্ষার্থী হিসেবে জানলেও তার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা রয়েছে।

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জানান, আবু বকর কলেজের নিয়মিত শিক্ষার্থী। তিনি প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, তবে ফলাফল প্রকাশিত হয়নি। কলেজে তার বিরুদ্ধে খারাপ কোনো আচরণ তিনি দেখেননি বলেও জানান এই শিক্ষক।

শরিফুল ইসলাম বলেন, ফেসবুকের মন্তব্যের বিষয়টি জানার পর কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের কাছ থেকে আবু বকরের বাবা আগে আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং ৫ আগস্টের পর জামায়াতের সঙ্গে মিশছেন বলে শুনেছেন। এ ছাড়া আবু বকর পারিবারিক সূত্রে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও শুনেছেন তিনি। তবে এসব বিষয়ে কলেজে সরাসরি কোনো তথ্য পাননি বলে জানান ওই শিক্ষক।

অন্যদিকে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান লিমন বলেন, প্রশাসনের লোকজনের কাছে তিনি শুনেছেন, আবু বকর আগে ছাত্রলীগ করতেন এবং বর্তমানে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে আলোচনা রয়েছে। তবে কলেজে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তিনি দেখেননি।

তবে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির এ ঘটনায় সংগঠনের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তার দাবি, আবু বকর ছাত্রশিবিরের কোনো জনশক্তি নন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আবু বকরের বাড়িতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালান। এ সময় পেনড্রাইভের একটি মোড়ক ছাড়া অন্য কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি বলেন, আবু বকরের রাজনৈতিক সম্পৃক্ততা ও তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আবু বকরের মা আসমাউল হুসনা দাবি করেছেন, তার ছেলে নিরীহ ও মেধাবী। তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে। তবে আবু বকরের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দহুলিয়া গ্রামে কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করেন তিনি। পরে শিক্ষামন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
যুবদল নেতা কামাল হোসেন বাবুলের কবর জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের
কক্সবাজারের রিসোর্টে আগুনের কারণ নিয়ে যা জানা গেল
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত দিন পেরিয়ে গেলেও আগুন লাগার প্রকৃত কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রিসোর্টে আগুনের কারণ নিয়ে যা জানা গেল
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
আরও পড়ুন
ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেপ্তার ২
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে