
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
স্থানীয় এক অটোরিকশাচালক বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জায়গায় জায়গায় উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে বিকল হচ্ছে যানবাহন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, ঘটছে হতাহতের ঘটনাও। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।
এদিকে রোগী নিয়ে হাসপাতালে যেতেও পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। সময়মতো চিকিৎসা নিতে না পেরে রাস্তায় মৃত্যু ঘটছে অনেকেরই। দুর্ভোগ মাথায় নিয়েই স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।
সড়কটির গুরুত্বের কথা শিকার করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন।
তবে আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কার করে জনভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
আরটিভি/এমএইচজে




