
বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের নিষ্পত্তি নিয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতা।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে থানার গোলঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে করা একটি মামলার তালিকাভুক্ত আসামি। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এসময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে শুরু করেন।
কথা বলার একপর্যায়ে অপর পক্ষের লোকজন পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই-বাছাই করে মামলার সত্যতা পায় এবং গোলঘর থেকেই তাকে গ্রেপ্তার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলা রয়েছে। খবর পাওয়ার পরপরই বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরটিভি/এসএইচএম




