
‘এই জীবনে আমি, তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা।’ এমন আবেগঘন কথায় লেখা একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে। চিঠির শেষে আকুতি, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে এমন একটি চিঠি পাওয়া যায়।
সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে বেনামে একজন ভুলতে না পারার কথা জানিয়েছেন স্বর্ণাকে। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করা হয়েছে।

পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনও কখনও পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহর কাছে স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।
উল্লেখ্য, মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে এখানে।
আরটিভি/আইএম


