
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে পাওয়া তিনটি অবৈধ ড্রেজার সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং প্রায় ৩০০ মিটার সঞ্চালন পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাসিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোঘর এলাকায় অবৈধভাবে ড্রেজার পরিচালনার অপরাধে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া মেঘদাইর গ্রামে অননুমোদিতভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দুইজন গ্রাম্য চিকিৎসককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই অভিযানে মহাসড়কে বালু ফেলে জনসাধারণ ও যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করার অপরাধে একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ড্রেজার পরিচালনা, অননুমোদিত চিকিৎসা কার্যক্রম এবং জনদুর্ভোগ সৃষ্টি করে সড়কে বালু রাখাসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজারসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমএম


